আসন্ন ঈদ উল আযহায় চামড়া পাচাররোধে ঢাকা মহানগরীর ১৩টি বহির্গমন মুখে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার দুপুরে ঈদ উল আযহার নিরাপত্তা বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কমিশনার বলেন, চামড়া পাচাররোধে ১৩টি বহির্গমনে চেকপোস্ট থাকবে। এসব চেকপোস্ট দিয়ে চামড়া বাইরে যেতে পারবেনা। শুধুমাত্র আমিন বাজারে বাঁধা দেওয়া হবেনা।
তিনি বলেন, হেমায়েতপুরে একটি চামড়া প্রক্রিয়াজাত করনের কারখানা থাকায় হেমায়েতপুরের পরে একটি চেকপোস্ট বসিয়ে চেক করা হবে।
কোরবানীর ঈদে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কমদামে চামড়া কিনে। এবার যাতে তারা এ ধরনের সিন্ডিকেট করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, চকবাজার ও হাজারীবাগে চামড়া ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজী করতে না পারে সেজন্য পুলিশের ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা টিমও কাজ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপি অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃঞ্চ পদ রায় ও মীর রেজাউল আলম (অপারেশন্স) এবং উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম।
এমআর/এমকে





