সমুদ্রে নিম্নচাপের ফলে সারা দেশের মত চট্টগ্রামেও টানা বর্ষণ হয়েছে। প্রবল বর্ষণের ফলে রেল সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তিনদিনের টানা বর্ষণের কারণে রেলপথে সীতাকুণ্ডের ভাটিয়ারী ও কুমিরা ষ্টেশনের মাঝামাঝি স্থানে একটি ব্রিজের উপর দিয়ে পাহাড়ী ঢল বয়ে যাচ্ছে। তাই দুর্ঘটনার আশঙ্কায় আপাতত রেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান রেলের চট্টগ্রামের ষ্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ।

রেলওয়ে কন্ট্রোল রুম জানায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ভাটিয়ারী-কুমিরা স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে রোববার বেলা ১১টা ২০ মিনিট থেকে রেল চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানায় কন্ট্রোল রুম।

কবে নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে তা বলতে পারেননি এ কর্মকর্তা।

ঢাকা, ২২ জুন, (টাইমনিউজবিডি.কম)// এসআর