বাগেরহাটের সদর উপজেলার আড়পাড়া সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ২৫ ছাত্রী পর্যায়ক্রমে অসুস্থ্য হয়ে পড়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ১১ ছাত্রীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি হয়েছে আড়াপাড়া ও বারুইপাড়া গ্রামের শামিরা খাতুন (১০), লিমা খাতুন (১০), লুবনা খাতুন (৯), ফারহানা আক্তার পলি (১০), সোমা (৯), আয়শা (১১), নাছিমা (১১), সিমা (৮), আখি মনি (১৪), সপ্না (১২)সম্পা (১০)।

প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে তন্নি (১১), সুমিত্রা (১১), চৈতী (১০), পিপাশা (১১), কারিমা (১১) সহ আরো কয়েকজন ছাত্রী।

জানা গেছে, আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ধর্মপরীক্ষা শুরুর কিছু সময় পর থেকে শিক্ষার্থীরা একে একে অসুস্থ হতে থাকে। অসুস্থ সকলেই ছাত্রী এবং তারা ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্রী বলে সহকারী শিক্ষক অরবিন্দ দাশ জানান।

অসুস্থ ছাত্রীরা জানায়, এদের মধ্যে কেউ আইসক্রীম খাওয়ার পর আবার কেউ টিউবঅয়েলের পানি পান করার পর এ ঘটনা ঘটে।

আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, ধর্ম পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পরই এ ঘটনা ঘটে। এরপর অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতিক্রমে ধর্ম পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. রফিকুল ইসলাম গাজী জানান, অসুস্থদের শরীরে খাদ্য বিষক্রিয়ার কোন কিছু পাওয়া যায়নি। এটা মাস্ক হিষ্টিরিয়া রোগ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

জেআই