বগুড়ায় ফুটবল খেলা কেন্দ্র করে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র আসাদুজ্জামান সোনা (২২) ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ ঘটনা ঘটে।আসাদুজ্জামান কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন।তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায়। বগুরা শহরের মালগ্রাম এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন আসাদুজ্জামান।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা এসআই (উপ-পরিদর্শক) মঞ্জুরুল হক ভুঞা জানান, বুধবার সকাল ৬টার দিকে ফুটবল খেলতে আসলে এক যুবকের সঙ্গে আসাদুজ্জমানের কথা কাটাকাটি হয়। এই জের ধরে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই আসাদুজ্জমানের মৃত্যু হয়। প্রাথমিকভাবে রাকিব নামের সন্দেহভাজন এক যুবকের নাম পাওয়া গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সকাল সাড়ে ৭টার দিকে মাঠের এক পাশের ডাস্টবিন থেকে তার মৃতদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার ব্যবহৃত বাইসাইকেলটিও পাশেই পড়েছিল।

ইআর