চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো একজন।
এ সময় রুবেল (২০) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা। ডাকাত রুবেল শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাটের কশিমুদ্দিনের ছেলে।
তবে নিহত ও আহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাটি মঙ্গলবার রাত ১০টার দিকে কানসাট-চৌডালা সড়কের পুসকুনি নামক স্থানে ঘটলেও নিহত ডাকাতের লাশ বুধবার পার্শ্ববর্তী একটি আখখেত থেকে উদ্ধার করে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে কানসাট-চৌডালা সড়কের পুসকুনি নামক স্থানে পুলিশ ক্যাম্পের পাশে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় ডাকাতরা কয়েকটি বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে ৩ ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয় লোকজন ভয়ে বিষয়টি গোপন রেখে তাকে পার্শ্ববর্তী একটি আখখেতে ফেলে রাখে এবং আহত অন্যজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে ডাকাত রুবেলকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বর্তমানে সে শিবগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
এদিকে নিহত ডাকাতের লাশ বুধবার দুপুরে কতিপয় ব্যক্তি পুসকুনি নামক এলাকার একটি আখখেতের মধ্যে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
এসএইচ





