রামু উপজেলা পরিষদের চেয়াম্যান পদে উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে মঙ্গলবার হরতাল ডেকেছে জেলা বিএনপি।
রোববার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এ ঘোষণা দেন।
এসময় সাবেক এমপি লুৎফর রহমান কাজল, এটিএম নুরুল বশর চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেরাজ আহমেদ মাহিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিকে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজুল আলম ৪০ হাজার ১০২ ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮৩২ ভোট। নির্বাচনে আরেক প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী সমর্থিত ফজলুল্লাহ মোহাম্মদ হাসান পেয়েছেন ১৫ হাজার ১১৭ ভোট।
রোববার সন্ধ্যা ৭টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ সাইদুল হক এই ফলাফল ঘোষণা করেছেন।
এর আগে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেরাজ আহমেদ মাহিন চৌধুরী সরকারি দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে ‘ভোট ডাকাতি’র অভিযোগ এনে এই ফলাফল প্রত্যাখ্যান করেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট মেরাজ আহমেদ মাহিন চৌধুরীর বাবা আহমেদুল হক চৌধুরীর আকস্মিক মৃত্যুর পর আজ এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেএ





