ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে বাগেরহাটের চিতলমারী উপজেলায় দুই শিক্ষককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন মেখানকার একটি ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নির্বাহী হাকিম মো. আনোয়ার পারভেজ এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদ্বয় হলেন চিতলমারীর হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলী (৪৬) ও বিএসসি শিক্ষক অশোক কুমার ঘোষাল (৫৫)।

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম জানান, গতকাল রোববার দুপুরে হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক অশোক কুমার ঘোষাল দশম শ্রেণিতে বিজ্ঞান ক্লাস চলার সময়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। এই ঘটনার জের ধরে আজ সকাল সাড়ে ১০টা থেকে কয়েকশ শিক্ষার্থীর অভিভাবক স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে বিষয়টি প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলীকে জানালে তিনি ওই বিএসসি শিক্ষকের পক্ষ নিয়ে পুনরায় কটূক্তি করেন।

এঘটনায় বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওই প্রধান শিক্ষককে মারধর করে লাইব্রেরিতে আটকে রাখেন। খবর পেয়ে চিতলমারী থানার পুলিশ ওই দুই শিক্ষককে উদ্ধার করে ইউএনওর দপ্তরে নিয়ে যায়।

ভারপ্রাপ্ত ইউএনও নির্বাহী হাকিম আনোয়ার পারভেজ সাত শিক্ষার্থীর সাক্ষ্যগ্রহণের পর প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলী ও বিএসসি শিক্ষক অশোক কুমার ঘোষালকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

ওই শিক্ষকদের স্বীকারোক্তি ও সাক্ষ্যগ্রহণের পর দণ্ডবিধি ১৮৬০-এর ২৯৮ ধারা অনুযায়ী তাঁদের ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ইউএনও নির্বাহী হাকিম মো. আনোয়ার পারভেজ জানান।

এমআইএস