বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের দেশব্যাপী ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ষষ্ঠ দিন নোয়াখালীতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে।

এর আগেজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৮নেতাকর্মীকে আটক করেছে।

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির ২৭ কর্মী ও জামায়াতের ১ নেতা রয়েছে।

এদিকে, অবরোধকে ঘিরে সকল ধরনের সহিংসতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য মতে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের একটি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

সন্ধ্যা ৬টার দিকে জেলা শহর মাইজদীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে ৪/৫টি ককটেল বিষ্ফোরণ, একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ও একটি সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করে অবরোধ সমর্থকরা।

অপরদিকে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেগমগঞ্জ উপজেলার গাবুয়া বাজারে একটি সিএনজি চালিত অটোরিক্সা আগুন ও ২টি সিএনজি ভাংচুর করে অবরোধ সমর্থকরা।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধে সকল ধরনের নাশকতা এড়াতে ও সকল ধরনের সহিংসতা রোধে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন এবং বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি বিজিবি টহলে রয়েছে।

এসএইচ