যুবলীগ কর্মী সজীব হত্যাকাণ্ডের ঘটনায় পক্ষে ও বিপক্ষে সমাবেশ আহ্বান করায় খুলনার জিরোপয়েন্টে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

বুধবার বিকেলে ওই স্থানে দু’পক্ষ সমাবেশ আহ্বান করায় উদ্ভুত বিশৃঙ্খলা পরিস্থিতি প্রতিরোধে এ নির্দেশনা দিয়েছে কেএমপি।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ১৯৮৫ সালের খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৩০ ধারা অনুযায়ী, জিরোপয়েন্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ জুন গল্লামারী মোহাম্মদনগরের রূপসী রূপসা এলাকায় যুবলীগ কর্মী মো. ইমরান সজীব আকন হত্যাকাণ্ডে মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এসএম হাফিজুর রহমান হাফিজসহ কয়েকজন যুবলীগ কর্মীকে আসামি করে ওইদিন রাতে মামলা দায়ের করেন নিহতের বাবা নজরুল ইসলাম আকন।

যুবলীগ নেতা-কর্মীদের হয়রানিমূলকভাবে এ ঘটনায় জড়ানোর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার বিকেলে জিরোপয়েন্টে সমাবেশ আহ্বান করা হয়।

অপরদিকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একই স্থানে, একই সময়ে সমাবেশ ও মানববন্ধন আহ্বান করে অপরপক্ষ।

এমকে