লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পদ্মা বাজারের পাশে নরিয়মপুর সড়কে ডাকাতিকালে সাকিল হোসেন (২০) নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আটক সাকিল রামগঞ্জ উপজেলার পূর্ব দরবেশপুর গ্রামের সাকায়েত উল্যাহর ছেলে।

এর আগে ভোরে পুলিশ পরিচয় দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় ডাকাতিকালে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে হাইওয়ে পুলিশের একটি সিগনাল লাইট, দু’টি পুলিশের পোশাক, একটি বেল্ট, একটি ব্যাগ ও চারটি রামদা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভোরে রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ছানাউল্যাসহ পুলিশ সদস্যরা সিএনজি চালিত অটোরিকশায় করে টহল দিয়ে থানায় ফিরছিলেন। এ সময় ওই সড়কে সাকিলের নেতৃত্বে ৫/৬ জন ডাকাত পুলিশ পরিচয় দিয়ে তাদের পথরোধ করে ডাকাতির চেষ্টা করে।

পরে তাদের আচরণে সন্দেহ হওয়ায় টহল পুলিশরা তাদের চ্যালেঞ্জ করে। এতে ওই ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় সাকিলকে আটক করে পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, আটক সাকিল সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অন্য ডাকাতদের আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এমবি