গত কয়েক দিনের টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানিতে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার।
সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ভুড়ির ঘাটের দক্ষিণ পাশে এ ভাঙন দেখা দিয়েছে। এতে করে লক্ষ্মীপুর -রায়পুর ও কমলনগর মতির হাট এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি জোয়ারের পানিতে খাওয়া-ধাওয়ার বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই হাজার মানুষ।
বাধ্য হয়ে কেউ জীবনের ঝুঁকি নিয়ে বেড়ির ওপরে বসবাস করছেন, আবার অনেকেই নোংরা ময়লা পানির ব্যবহার করছেন। গবাদী পশু পাখি (গরু-ছাগল, হাঁস-মুরগি) নিয়ে চরম বিপাকে রয়েছেন এখানকার মানুষ। এছাড়া শত শত একর জমির ফসল নষ্ট হচ্ছে চাষিদের।
এলাকাবাসী জানান, গত কয়েক দিনের জোয়ারের পানিতে চররমনী গ্রামের উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে গেছে।
আর প্রতিদিন জোয়ারের সময় বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই স্থান দিয়ে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে।
এতে করে এখানকার পাঁচ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হচ্ছে। গত তিন-চার দিন ধরে জোয়ারের সময় বাড়িঘর ও ফসলি জমি ডুবে যাচ্ছে।
এ সময় পরিবার পরিজন নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কেউ মাচা তৈরি করে আবার কেউ বা বেড়ির ওপরে রাতের ঘুম মেরে জীবন কাটাচ্ছেন বলে জানান।
অন্যদিকে বেড়িবাঁধ ভাঙনের ফলে শাকচর, টুমচর, চররুহিতাসহ আরও কয়েকটি গ্রামের বাসিন্দারা প্লাবিত হওয়ার ভয়ে বর্তমানে চরম আতঙ্কে রয়েছে। বেড়িবাঁধ সংস্কারে সরকার ও স্থানীয় প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিবেন এমনি দাবি স্থানীয় এলাকাবাসীর।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





