ঢাকা থেকে অপহৃত সোনিয়া খাতুন (৪) নামের শিশুটিকে নাটোর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ চার অপহরণকারীকে আটক করে সিংড়া থানা পুলিশ।

জেলার সিংড়া থানার কৈপুকুরিয়া গ্রাম থেকে রবিবার দুপুরে সোনিয়াকে উদ্ধার করা হয়। সে ঢাকার তুরাগের দৌড় পূর্বপাড়া এলাকার রিকশামিস্ত্রি নুরুল ইসলামের মেয়ে।

আটকরা হলেন- ঢাকার তুরাগ এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন (৩০) ও একই এলাকার ধলু মিয়ার স্ত্রী আজমি (২৫), সিংড়া উপজেলার বড়গ্রামের শাহানুরের ছেলে ওহাব আলী (২৬) ও একই উপজেলার তাড়াই এলাকার চান মিয়া (৪০)।

সিংড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মিনহাজ উদ্দিন ও তার সঙ্গীরা বৃহস্পতিবার সোনিয়াকে অপহরণ করে। এরপর তারা মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই মোবাইল ফোনের সূত্র ধরে রোববার সকালে নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল কৈপুকুরিয়া গ্রাম থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকেও আটক করা হয়।

কেএইচ