নওগাঁর মহাদেবপুরে নগ্ন ছবি ইন্টারনেট ও মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ার ঘটনায় এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার সকালে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দোহালী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই কলেজ ছাত্রীর নাম বীথি রানী মন্ডল। বীথি মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

মহাদেবপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সাইফুল ইসলাম ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম ফয়সাল জানান, উপজেলার দোহালী গ্রামের সনজিত চন্দ্র মন্ডলের একাদশ শ্রেণী পড়ুয়া মেয়ে কলেজ ছাত্রী বীথি রাণী মন্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে সফাপুর ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বীরেন চন্দ্র মন্ডলের ছেলে হীরেন চন্দ্র মন্ডল রকি (২২) এর প্রেমের সম্পর্ক ছিল।

এ প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে প্রেমিক রকি গোপনে মোবাইল ফোনে প্রেমিকা বীথির নগ্ন ছবি তুলে বিভিন্ন সময় বীথির পরিবারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এরই এক পর্যায়ে ব্যর্থ হয়ে প্রেমিক রকি তার প্রেমিকা বীথির নগ্ন ছবি ইন্টরনেটে এবং তার বন্ধুদের মোবাইলে ছেড়ে দেয়।

ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে লোকলজ্জার ভয়ে কলেজ ছাত্রী বীথি রানী মন্ডল মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে বিষপান করে।

বিষপানের পর বীথি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই মহাদেবপুর হাসপাতালে ভর্তির পর সেখানে তার অবস্থার অবনতি হয়। বুধবার সকালে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

ওসি সাইফুল ইসলাম আরো জানান, এ ঘটনায় বীথির পিতা সনজিত চন্দ্র মন্ডল রকির বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ বীথির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কেএইচ