লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহজাদা মিয়া (৬০) নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে আদিতমারী উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সকালে ওই উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোড় গ্রামে শাহজাদা মিয়া তার প্রতিবেশীর এক শিশু মেয়েকে কৌশলে ধান ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শাহজাদা মিয়া একই এলাকার একাব্বর আলীর পুত্র বলে জানা গেছে।
আদিতমারী থানা পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে শাহজাদা মিয়া তারই প্রতিবেশী জনৈক জামিনুর রহমানের ১০ বছরের শিশু কন্যাকে কৌশলে একটি ধান ক্ষেতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থল এলে শাহজাদা মিয়া পালিয়ে যায়। দুপুরে এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। অভিযোগের পর পুলিশ উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকা থেকে শাহজাদা মিয়াকে আটক করেন।
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহজাদা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকার/জেড





