বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রণন’ মহান ভাষার মাসে রবিবার থেকে ব্যানার-সাইনবোর্ডের বানান শুদ্ধিকরণ অভিযান শুরু করেছে।

রবিবার তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর পার্ক মোড় এলাকায় এই বানান শুদ্ধিকরণের কাজ করেন। ‘রণন’-এর সংগঠকদের উপস্থিতিতে পার্ক মোড় এলাকার যে দোকানগুলোতে ডিজিটাল ব্যানার-সাইনবোর্ড রয়েছে, সেগুলোর দোকান মালিকদের হাতে শুদ্ধ বানানের চিরকুট দিয়েছেন।

আর যেগুলো হাতে লেখা ব্যানার-সাইনবোর্ড সেগুলোর বানান শুদ্ধ করে দিয়েছেন।

সংগঠনের সভাপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘যারা ব্যানার লেখেন, আমরা চেষ্টা করছি এ মাসেই তাদের নিয়ে একটি কর্মশালা করার। যাতে করে তারা শুদ্ধ বানানে ব্যানার-সাইনবোর্ড লিখতে পারেন।’

সংগঠনের সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মঞ্জুর আরিফ বলেন, ‘আমরা পর্যায়ক্রমে শহরের প্রত্যেকটি এলাকায় বানান শুদ্ধিকরণের কাজ করব।’

এসএইচ