ডেঙ্গু মোকাবেলায় মশা নিধনের জন্য ‘লোক দেখানো’ কর্মসূচি পালন না করতে সিটি কর্পোরেশনগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (০৭ আগস্ট) সকালে ঢাকার মিরপুর মাজার রোডে এক পরিচ্ছন্নতা অভিযানে ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শিরোনামে এক কর্মসূচিতে তিনি এ অনুরোধ করেন।

ওবায়দুল কাদের বলেন, আমি অনুরোধ করব, দায়সারা গোছের ওষুধ ছিটানোর প্রয়োজন নেই।

যেই ওষুধে সত্যিকার অর্থে মশক নিধন হবে, মানুষ চায় সেই ওষুধটা। আমরা লোকে দেখানো কর্মসূচি দিয়ে জনগণকে ভাওতা দিতে চাই না, প্রতারণা করতে চাই না।

মশা মারার ওষুধ প্রসঙ্গে কাদের বলেন, মশার কার্যকর ওষুধ আমদানির প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশা করছি, দুই-চার দিনের মধ্যে মশা নিধনের কার্যকর ওষুধ আমরা পাব, ঢাকায় এসে পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

সরকারের তরফ থেকে ২৩ জনের ডেঙ্গুতে মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা খবরে এই সংখ্যা কয়েক গুণ বেশি।

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী যতদিন আমরা এই ডেঙ্গু জ্বর আর এইডিস মশাকে নিয়ন্ত্রণে আনতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

এসএম