নরসিংদীর পলাশে নাহিদ মিয়া (১২) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাহিদ উপজেলার ঘোড়াশাল উত্তর চরপাড়া গ্রামের আবুল হাশেম মিয়ার ছেলে ও ঘোড়াশাল নূর মহসিন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির অদূরে দুটি বিল্ডিংয়ের মধ্যবর্তী পরিত্যক্ত একটি স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ।

নিহতের বাবা আবুল হাশেম মিয়া ও পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় একই গ্রামের আবুল খায়েরের ছেলে জনি মিয়া (২০) নাহিদকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও নাহিদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

দুপুরে বাড়ির অদূরে অন্যান্য শিশুরা খেলাধুলা করার সময় দুটি ভবনের মধ্যবর্তী পরিত্যক্ত জায়গায় নাহিদের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পলাশ থানায় খবর দিলে উপপরিদর্শক মজিবুর রহমান ঘটনাস্থল থেকে শিশু নাহিদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার পর অভিযুক্ত জনি পলাতক থাকলেও তার বাবা আবুল খায়ের ও মা হাসনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতের বাবা আবুল হাশেম মিয়া অভিযোগ করে বলেন, একই এলাকার আবুল খায়েরের ছেলে জনি মিয়া পূর্বশত্রুতাবশত আমার ছেলেকে অপহরণ করে হত্যা করেছে।

পলাশ থানার উপপরিদর্শক মজিবুর রহমান বলেন, নিহতের শরীরে শ্বাসরোধ করে হত্যার চিহ্ন রয়েছে।

জেএ