চট্টগ্রামের রাউজান পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত ১২ জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কয়েকজন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে এসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি না থাকায় ১২ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কুল প্রদীপ চাকমা নিশ্চিত করেছেন।
রাউজানের ১২টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডে আলমগীর আলী, ২ নম্বর ওয়ার্ডে বশির উদ্দিন খান, ৩ নম্বর ওয়ার্ডে কাজী মো. ইকবাল, ৪ নম্বর ওয়ার্ডে শওকত হাসান, ৫ নম্বর ওয়ার্ডে জানে আলম জনি, ৬ নম্বর ওয়ার্ডে সমীর দাশগুপ্ত, ৭ নম্বর ওয়ার্ডে আজাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে দিলীপ চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডে জমির উদ্দিন পারভেজ। সংরক্ষিত কাউন্সিলর পদে ১, ২ ও ৩ ওয়ার্ডে নাছিমা আকতার, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মোছাম্মত জেবুন্নেছা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি। নির্বাচিতরা সবাই আওয়ামী লীগ সমর্থিত।
উল্লেখ্য, রাউজান পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী থাকলেও ১২টি কাউন্সিলর পদে দলটির কোনো নেতা-কর্মীর মনোনয়নপত্র জমা পড়েনি। কয়েকটি কাউন্সিলর পদে একাধিক আওয়ামী লীগ সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এমএম





