ঘন কুয়াশার কারণে ময়মনসিংহের ত্রিশালে একের পর এক পাঁচ বাসের ধাক্কায় অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।
আজ (সোমবার) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বগার বাজারের চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নাল আবেদিন জানান, ত্রিশাল থেকে ভালুকার উদ্দেশে যাচ্ছিলো স্থানীয় রাসেল গার্মেন্টসের একটি বাস। কিন্তু ঘন কুয়াশার কারণে হঠাৎ বাসটি স্টিয়ারিং চেপে ধরে। এরপরই পেছন থেকে একটি বাস ওই বাসকে সজোরে ধাক্কা দেয়। এরপর পেছনের বাসগুলোতে একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় কয়েকটি বাস। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৪০ জন আহত হন।
এদিকে বাস দুর্ঘটনার ফলে ঘণ্টাখানেক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন জয়নাল আবেদীন।
এমবি





