আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ডাকাতির ঘটনায় ব্যাংকের ৫ কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একইসঙ্গে মোহাম্মদ সোহেল (৩৫) নামে এক নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাকে আটক করা হয়।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) দীপকচন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘ব্যাংকের ৫ কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া এক নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে। কারণ ঘটনার আধঘণ্টা আগে সে ব্যাংক থেকে বাসায় গিয়েছিল। এই ঘটনার সঙ্গে তার কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় আশুলিয়ার বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখার সেকেন্ড অফিসার ফরিদুল হাসান বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলায় বোরহান উদ্দিন (৩০) ও সাইফুল ইসলাম (২৮) নামের দুই ডাকাতের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে আশুলিয়া থানার এসআই মো. জাকারিয়া হোসেন গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যুর ঘটনায় দুই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
এ দিকে বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র ভাইস-চেয়ারমান সেলিম হাসান দ্য রিপোর্টকে বলেন, ডাকাতির ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে মামলার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় যারা নিহত বা আহত হয়েছেন ব্যাংকের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে।
আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় অবস্থিত নজিমুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয়তলায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের গুলি ও বোমা হামলায় সাতজন এবং গণধোলাইয়ে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
এএইচ





