গোপালগঞ্জে কোটালীপাড়ায় ইঁদুর মারা ফাঁদের বিদ্যুতের তারে জড়িয়ে পীযূষ ঢালী (১৮) নামের এক কলেজছাত্র মারা গেছেন।

মঙ্গলবার গভীররাতে উপজেলার পীড়ারবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। পীযূষ একই গ্রামের হরিপদ ঢালীর ছেলে। তিনি মাদারীপুরের শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পীযূষের বাবা হরিপদ ঢালী জানান, পীড়ারবাড়ি গ্রামের রানা মিয়া ইঁদুরের হাত থেকে বোরো ধানের বীজতলা রক্ষা করতে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতে।

রাতে পীযুষ ওই ক্ষেতের পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে রানা মিয়া ও তার লোকেরা মৃতদেহ গ্রামের দুলাল চক্রবর্ত্তীর পুকুর পাড়ে ফেলে পালিয়ে যায়।

তবে পলাতক থাকায় এ বিষয়ে রানা মিয়া ও তার পরিবারের সদস্যদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এমআর