দিনাজপুরের বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আলমের অপসারণের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা ক্লাস বর্জন, মানববন্ধন ও মিছিল করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচী স্থগিত করা হয়েছে।
সোমবার সকাল থেকেই বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে। পরে দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
বিদ্যালয়টির শিক্ষার্থীরা জানিয়েছে, প্রধান শিক্ষক আমাদের সাথে ভালো ব্যাবহার করেন না। তার আচরণ অত্যান্ত দুঃখজনক। এর আগে তিনি আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। বর্তমান প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই আমাদের বিদ্যালয়ে নিয়মিত কোন ক্লাস হয় না। যার ফলে পরীক্ষার ফলাফলে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে।
তাদের আরো অভিযোগ, দীর্ঘদিন থেকে বিদ্যালয়ে বিজ্ঞান ও ইংরেজি বিভাগের কোন শিক্ষক নেই। আবার ভালো কোন শিক্ষক বিদ্যালয়ে আসলে তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করে তাদের তাড়িয়ে দেন। তারা দ্রুত এই চরিত্রহীন প্রধান শিক্ষকের শাস্তি দাবি এবং অন্যত্র বদলীর দাবি জানিয়েছে।
এ বিষয় এক সহাকারী শিক্ষক জানিয়েছেন, তিনি আমাদের সহিত খারাপ আচরণ করেন। এর আগে তিনি মোস্তফা নামের এক শিক্ষককে থাপ্পরও মেরেছিলেন। তিনি প্রধান শিক্ষক হয়েও বিদ্যালয়ে ঠিকমতো আসেন না এবং বিদ্যালয়ের ক্লাস বা পরীক্ষারও খোঁজ খবর নেন না। এছাড়াও তিনি বিভিন্ন নামে-বেনামে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন। এসব বিষয়ে কথা বললে তাদের অন্যত্র বদলির হুমকি দেন।
রেজাউল আলম জানান, বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ায় তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করা হচ্ছে। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি তিনি এড়িয়ে যান।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজাহারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি বিদ্যালয়ে এসেছেন। আন্দোলনরত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন এবং তাদের অভিযোগের বিষয়গুলি শুনেছেন। তারা আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। যতদ্রুত সম্ভব এসকল সমস্যার সমাধান করা হবে।
জেডআই





