ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ের উত্তম কুমার শীলের সেলুন থেকে বিদেশি রাইফেলের (পয়েন্ট টুটু) ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে এসব গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় উজিরপুর থানার বৈরকাঠি গ্রামের মৃত নগেন্দ্রনাথ শীলের ছেলে স্বপন শীল (২৫), স্বপন শীলের ভাগ্নে ভান্ডারিয়া থানার রাজপাশা গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে সুব্রত শীল (১৮) ও ডিগ্রি কলেজ এলাকার অনীল চন্দ্র শীলের ছেলে সমীর চন্দ্র শীলকে (২৪) আটক করেছে পুলিশ।
রাজাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুদুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) ফারুক ও এসআই আব্দুল কাইউম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই সেলুনে থাকা সাউন্ড বক্সের ভেতর থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় সেলুন মালিকের ছেলে উজ্জ্বল কুমার শীলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে উজ্জ্বল পুলিশকে বলেন, কিছুদিন আগে আমার একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় আমার পরিচিত স্বপন শীলকে দোষী স্বাব্যস্ত করে ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এর জেরে প্রতিশোধমূলকভাবে আমাকে ফাঁসানোর জন্য স্বপন এ ঘটনা সাজাতে পারেন।
পরে স্বপনকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী সুব্রত শীল ও সমীর চন্দ্র শীলকে আটক করা হয়।
এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





