বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও সম্রাট বাহিনীর প্রধান সম্রাটকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চৌমুহনীর আটিয়াবাড়ি পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সম্রাট চৌধুরী (৩০) চৌমুহনী পৌরসভার হাজিপুর ৯নং ওয়ার্ডের মৃত সুলতান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে পৌর হাজিপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। সন্ধ্যায় আটিয়াবাড়ি পুল এলাকায় তার বাহিনীর সদস্যদের নিয়ে ঘোরার সময় চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় সে পুলিশের সাথে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সম্রাটের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, অস্ত্র, চাঁদাবাজি, হত্যার চেষ্টা, চুরিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১৯টি মামলা রয়েছে।
তিনি আরো জানান, সম্রাটের কাছ থেকে অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এসএইচ





