কক্সবাজারের কুতুবদিয়ায় ইউপি নির্বাচনে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বড়ঘোপ ইউনিয়নের মনুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যসহ আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই বলেন, কিছু দুর্বৃত্ত দখলের জন্য ভোট কেন্দ্র এলাকার ভেতর আসতে চাইলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। এতে দুর্বৃত্তরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফরিদুল ইসলাম চৌধুরী ও বিএনপির প্রার্থী মোবারক হোসেন এর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে পরস্পরের দিকে গুলিবর্ষণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলিবর্ষণ করে।

তিনি আরো বলেন, সংঘর্ষের ঘটনায় ৫ জন পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ রয়েছেন। তবে গুলিবিদ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্ককাজনক। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এম অার