মৌলভীবাজারের বড়লেখায় মাটি ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।  মঙ্গলবার দুপুরে পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায় সদর ইউপির গংঙ্গারজল গ্রামের ইসলাম উদ্দিন ও বদরুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইসলাম উদ্দিন ও আব্দুল আহাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

আটককৃতরা হলেন: আবু তাহের রঞ্জু (১৮), সাজু আহমদ (১৭), আবুল হোসেন (৩০) এবং মুহিবুর রহমান (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ট্রাক্টর দিয়ে মাটি ফেলানোকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামের ইসলাম উদ্দিন ও বদরুল ইসলামের মধ্যে কথাকাটাকাটি হয়। ‌এর জের ধরে দুপুর ১২টার দিকে শহরের উত্তর চৌমুহনী এলাকায় ইসলাম উদ্দিন ও বদরুল ইসলামের গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বড়লেখা থানার ওসি আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জেআই