আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আলমডাঙ্গার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ লাইনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় দেড় হাজারেরও বেশি পুলিশ অংশ নেয়।

সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান বলেন, ভোট কেন্দ্রের যে কোন পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করবেন। কোন চাপের কাছে মাথা নত করে দায়িত্ব পালন করবেন না। এ রকম অভিযোগ ও দায়িত্ব পালনে কোন ধরনের গাফিলতির প্রমাণ পেলে সেই পুলিশ সদস্যর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি দেশাত্ববোধ, দায়িত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেন পুলিশ সুপার।

চুয়াডাঙ্গা জেলা পুলিশসহ অন্য জেলার এক হাজার ৬৯৬ জন পুলিশ দায়িত্ব পালন করবেন বলে মতবিনিময় সভায় জানানো হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ, খুলনা আরআরএফের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমাম মুহাম্মদ শাদিদ, আনোয়ার হোসেন, ও যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা।

আগামী শনিবার থেকে  চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো কালিদাসপুর, ডাউকি, বেলাগাছী, খাসকররা, জেহালা ও জামজামি।

এইচ ই/ইআর