ইলিশবিহীন পহেলা বৈশাখ উদযাপন করবে চট্টগ্রাম জেলা প্রশাসন। জাটকা ইলিশ ধরার প্রতিবাদ ও মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন এবার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

বর্তমানে সাগরে যে ইলিশ পাওয়া যাচ্ছে সবই জাটকা কিংবা মা ইলিশ। এজন্য মৎস্য অধিদপ্তর জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দিচ্ছে ইলিশের দাম। এসব বিবেচনা করে এবার ইলিশবিহীন পহেলা বৈশাখ উদযাপনের কথা জানিয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া একটি সাম্প্রতিক প্রচলন। ঐতিহাসিকভাবে এর পক্ষে কোনো জোরালো উদাহরণ পাওয়া যায় না। সম্প্রতি পহেলা বৈশাখকে কেন্দ্র করে চালু হয়েছে জাটকা নিধন। নিষিদ্ধ জেনেও বেশি দামের প্রলোভনে অপরাধ চলছে। কিছু অসাধু ব্যবসায়ী ইলিশের দাম মাত্রাতিরিক্ত বাড়িয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশের দাম। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে এবারের বৈশাখ উদযাপিত হবে ইলিশবিহীন।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন ‘এসময় যে সকল ইলিশ ধরা পড়ছে সেগুলোর সবই জাটকা এমনকি মা ইলিশও ধরা পড়ছে। তাই ইলিশ রক্ষার স্বার্থে প্রতি বছর জেলা প্রশাসন কেন্দ্রীয়ভাবে যে বৈশাখী আয়োজন করে থাকে তাতে ইলিশের কোনো আইটেম থাকবে না। তবে অন্যান্য সকল আয়োজন থাকবে’

এদিকে শুক্রবার নগরীর ফিশারী ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ ৫ হাজার পিস জাটকা ইলিশ আটক করেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

এমই