বাংলাদেশের গাজীপুরে মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩ জন।
নিহতদের আত্মীয় স্বজনরা ৮ লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবে।
মঙ্গলবার দুপুরে শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন।
চুন্নু আরো জানান, এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে বিমার খাত থেকে দুই লাখ এবং শ্রম মন্ত্রণালয় থেকে অনুদান বাবদ আরো তিন লাখ অর্থাৎ মোট পাঁচ লাখ টাকা করে দেয়া হবে। এ ছাড়া এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুক জানান, এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে কারখানার পক্ষ থেকে তিন লাখ টাকা করে দেয়া হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এ ছাড়া হতাহতদের পরিবারের কোনো সদস্য কারখানায় চাকরি করতে চাইলে তাদের চাকরি দেয়া হবে।
নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এরই মধ্যে ১০ জনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানায় গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বয়লার বিস্ফোরণ হয়।
এতে কারখানার একটি চারতলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দুই পাশের দেয়াল, দরজা-জানালা ও যন্ত্রপাতি উড়ে যায় এবং দুমড়েমুচড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।
জেড





