সিরাজগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ১৪টি কম্পিউটারসহ দুই যুবককে আটক করে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের শহীদগঞ্জের একটি ছাত্রাবাস থেকে বুধবার রাত সোয়া ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- জেলার রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ধর্মদাশগাতি গ্রামের আব্দুল বারিকের ছেলে আবু হাশেম শেখ (৩০) ও একই এলাকার গোলজার হোসেনের ছেলে আব্দুল হান্নান (৩২)।

আটকের পর ডিবি পুলিশের সেকেন্ড অফিসার রওশন সাংবাদিকদের জানান, গোপন সংবাদে জানতে পারেন শহীদগঞ্জে সোহেল রানা নামে এক ব্যক্তি ছাত্রাবাসের আড়ালে বিভিন্ন পর্নোগ্রাফি তৈরি করছেন। এমন সংবাদের ভিত্তিতে আবু হাশেম ও গোলজারকে ১৪টি কম্পিউটার মনিটর, সিপিইউ, হার্ডডিক্সসহ আটক করা হয়। এ সময় ডিবির ওসি আটক দুই যুবককে তার নিজ কক্ষে প্রায় ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেন।

আটক দুই যুবক জানান, তারা ওই মেসে থেকে আউট সোর্সিং সম্পর্কে কাজ করেন। ২৫ জন ছাত্র ওই মেসে থাকলেও আটকের সময় সবাই সটকে পড়েন। পর্নোগ্রাফি সম্পর্কে জানতে চাইলে তারা কোনো সদুত্তোর দিতে পারেননি। তবে তারা মেসের মালিক সোহেল রানার কাছে বিস্তারিত জানতে বলেন।

রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি, ডিবি) ওয়াহেদুজ্জামান আটক যুবকদের ছেড়ে দেওয়া ও কম্পিউটার ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন। কেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভুল তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছিল। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

এএইচ