গাইবান্ধার তুলসীঘাটে গত বছর পেট্রোলবোমার আগুনে পুড়ে শিশু ও নারীসহ আটজন নিহত হওয়া মামলায় বিএনপি-জামায়াতের ৭৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান আজকের আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন।
পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে জেলা জামায়াত ইসলামী আমির মাওলানা ডা. আব্দুর রহিম, জামায়াত নেতা ও পলাশবাড়ী উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু,
সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোর্শেদ হাবীব সোহেল এবং সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলুও রয়েছেন।
পুলিশ জানায়, গত বছরের শুরুতে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতা-কর্মীরা রাজনৈতিক কর্মসূচি চলাকালীন ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে যাত্রীবাহী বাস নাপু এন্টারপ্রাইজে তারা পেট্রোলবোমার আগুনে ৩৮ জন দগ্ধ হন।
তাদের মধ্যে ৮ শিশু ও নারী পুরুষ পুড়ে মারা যান। এছাড়া ৩০ জন দগ্ধ হন।
ঘটনার পরপরই ৫৯ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এরপর দীর্ঘ তদন্ত শেষে রবিবার মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বলেন, এজাহারে উল্লেখিত ৫৯ জনের মধ্যে মামলার প্রধান আসামি শিবির নেতা মোস্তফা মঞ্জিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
পরবর্তীতে তদন্তে পাওয়া আরো কয়েকজনকে যুক্ত করে মোট ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আদালতের পিপি শফিকুল ইসলাম শফি বলেন, ঘটনাটি গাইবান্ধার ইতিহাসে সবচেয়ে জঘন্য ও ন্যক্কারজনক হত্যাকাণ্ড। আদালতে অভিযোগপত্র দাখিলের পর খুব দ্রুত মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হবে বলে তিনি মনে করেন।





