রাজশাহীর পুঠিয়ায় সরকারি কাজে বাধা দেয়ার মামলায় শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মোল্লাকে আটক করেছেন পুলিশ।
পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে আব্দুর রহিম মোল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
শিলমাড়িয়া ইউনয়ন ভূমি কর্মকর্তা রহিদুল ইসলাম বাদী হয়ে রহিম মোল্লাসহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে বাধা ও বল প্রয়োগ করার অপরাধে একটি মামলা দায়ের করেন।
ইউনয়ন আ’লীগের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, আব্দুর রহিম মোল্লা দীর্ঘ দিন যাবৎ ছাত্রারপাড়া এলাকার ১.৮৪ একর খাস পুকুর একটি সমিতির নামে ভোগ দখল করে আসছিলেন। চলতি বছর ওই পুকুরটি শিলমাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আ’লীগ সভাপতি এরশাদ আলী ইজারা নেন। পুকুর দখল নিয়ে দু’জনের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে।
নিয়ম অনুসারে ইউনিয়ন ভূমি অফিস ইজারা গ্রহণকারী এরশাদ আলীকে পুকুরটি বুঝিয়ে দিতে গেলে বাধা দেন আব্দুর রহিম মোল্লাসহ তার লোকজন।
এ ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা রহিদুল ইসলাম বাদী হয়ে গত ২৪ মে ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
এমএনজে





