চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সীতাকুন্ড উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোরছালিনের দু’ভাইকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সীতাকুন্ড উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল হাছান স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বিএনপি নেতা মোরছালিনের বড় ভাই হাজী মোঃ তসলিম ও ছোট ভাই নওশাদ সেলিমকে শনিবার রাত ৩টার সময় সীতাকুন্ডের ছলিমপুরের বাড়ী থেকে বিনা কারণে পুলিশ গ্রেফতার করে যে জঘণ্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা শুধু নিন্দনীয় নয়, ইহা কলঙ্কজনক ও বর্বরোচিত একটি ঘটনা হিসেবে সীতাকুন্ডের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।

তসলিম ও নওশাদ কোন ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলেও কেবলমাত্র মোরছালিনের ভাই হিসেবে তাঁদের গ্রেফতার সরকারের দেউলিয়াত্বরই বহিঃপ্রকাশ। মোরছালিনকে না পেয়ে তাঁর দু’ভাইকে গ্রেফতার করে প্রশাসন কার্যত সীতাকুন্ডকে যে কারাগারে পরিণত করেছে তার আরো একটি উদাহরণ সৃষ্টি করেছে।

মোরছালিনের দু’ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবী করে নেতৃবৃন্দ আরো বলেন, প্রশাসন আওয়ামী সন্ত্রাসীদের মদদে সীতাকুন্ডকে কার্যত কারাগারে পরিণত করে বিএনপি শুণ্য করার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়ে তারা থেমে থাকছেনা নেতাদের বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানের নামে প্রতিনিয়ত হয়রানী অব্যাহত রেখেছে।

পরিবারের নিরপরাধ অরাজনৈতিক সদস্যদের ধরে এনে মিথ্যা মামলায় চালান দিয়ে যে নিলর্জ্জ উদাহরণ জাতির সামনে তুলে ধরছে তা কোনদিন জনগণ ভুলে যাবেনা। রাতের আঁধারে গুলি করে পঙ্গু বানানোর মহোৎসব চলছে সীতাকুন্ডে। হামলা ও গ্রেফতার বন্ধ না হলে সীতাকুন্ডে যেকোন পরিস্থিতিরি দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

বিবৃতিতে আরো দাবী করা হয় গ্রেফতারকৃত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিয়ে সীতাকুন্ডে স্বাভাবিক ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচী পালনের পরিবেশ সৃষ্টি করতে হবে। মামলা হামলা আর হুলিয়া দিয়ে সীতাকুন্ডকে নরক রাজ্য থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা প্রশাসনের দায়িত্ব।

প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীরা যদি মনে করে গ্রেফতার ও মামলা হামলা দিয়ে চলমান গনতান্ত্রিক আন্দোলন দমানো যাবে তা হবে তাদের মারাত্মক ভুল। নেতৃবৃন্দ বলেন শত কিংবা হাজার নয়, সীতাকুন্ডের সকল জনগনকে গ্রেফতার করলেও সরকারের দিবা স্বপ্ন কোনদিন পুরণ হবেনা।

বিবৃতিদাতারা হলেন সীতাকুন্ড উপজেলা ছাত্রদলের সভাপতি আওরঙ্গজেব মোস্তফা, সাধারণ সম্পাদক জাহেদুল হাছান, উপজেলা ছাত্রদলের এ.কে.এম.সাইফুল ইসলাম, হারুনুর রশিদ ইব্রাহিম, এ.এস.এম.সায়েম, রেজাউল করিম রাজু, কাজী মাহবুবুর রহমান, মোঃ রাশেদ হোসাইন প্রমূখ।

এসএইচ