কোরবানির পশুর হাটকে টার্গেট করে বন্দরনগরী চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে জাল নোট ব্যবসায়ীরা। প্রশাসনের কড়া নজরদারিতে গত ঈদুল ফিতরে চট্টগ্রামে জাল টাকা ব্যবসায়ীরা সুবিধা করতে না পারলেও কোরবানির ঈদ সামনে রেখে তারা ব্যাপক তৎপরতা শুরু করেছে বলে পুলিশ সুনির্দিষ্ট তথ্য পেয়েছে।

সর্বশেষ বুধবার ৭২ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে মহানগর পুলিশ। পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র ঢাকা থেকে আনা কোটি কোটি টাকার জাল নোট চট্টগ্রামের বাজারে ছড়িয়ে দেয়ার অপচেষ্টা চালিয়ে আসছে। এই চক্রের পুরো টিমকে গ্রেফতার করতে একাধিক সোর্স নিয়োগ করে অভিযান শুরু করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান জানান, সাম্প্রতিক কয়েকটি অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাল নোট ব্যবসায়ী চক্রের একাধিক সিন্ডিকেট চট্টগ্রাম মহানগরী ও জেলার কয়েকটি অঞ্চলে সক্রিয় রয়েছে। পুলিশের অনুসন্ধানে চট্টগ্রামে প্রায় ৩৫টি সক্রিয় জাল নোট পাচারকারী চক্রের তথ্য মিলেছে।

কুসুম দেওয়ান আরও বলেন, জাল নোট ব্যবসায়ী চক্রের ব্যাপারে পুলিশের বিশেষ নজরদারি থাকায় রোজার ঈদে চক্রটি সুবিধা করতে পারেনি। তবে কোরবানির ঈদ সামনে রেখে তারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এই চক্র যেন বাজারে জাল নোট ছড়াতে না পারে, সে জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, নগরীর রিয়াজউদ্দিন বাজারকেন্দ্রিক জাল টাকার ব্যবসায় সক্রিয় রয়েছে বেশির ভাগ চক্র। তারা ঢাকা থেকে জাল নোট এনে কমিশনভিত্তিক দালালদের মাধ্যমে পাচার করে থাকে। ৫০ ভাগ কমিশনের ভিত্তিতে জাল টাকার ব্যবসা করে দালালরা।

নগরীর বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘আমরা সাম্প্রতিক কয়েকটি অভিযানে জাল নোট ব্যবসায়ীদের একাধিক দালালকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে তাদের এ ব্যবসায় নিয়োগ দিয়েছে ঢাকার একাধিক জাল টাকার ব্যবসায়ী চক্র। তাদের পরিচয় আমরা জানতে পেরেছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে ‘

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বলেন, ‘বুধবার আমরা ৭২ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা জাল নোট ব্যবসায়ী সিন্ডিকেটের সক্রিয় সদস্য। কোরবানির ঈদ সামনে রেখে এই চক্রটি বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এদের পুরো চক্রকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ঢাকা , ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই