দুর্নীতির মামলায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার স্থানীয় সরকার মন্ত্রণায়ের সিনিয়র সহকারি সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরখাস্তের এ আদেশ দেয়া হয়।

অপর এক আদেশে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুপস্থিতে ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম মক্কুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ এবং চেয়ারম্যানের আর্থিক ক্ষমতাও দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসরাম বাদশার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা দায়ের করেন। মামলায় ২০১১-১২ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অধীনে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির (টিআর) আওতায় ৬৭ দশমিক ২০৯ টন গমের কাজ না করে কালোবাজারে বিক্রি করে ১৬ লাখ ৮১ হাজার ৩১ টাকা ৫০ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। পরে তিনি জামিনে মুক্তি পান। এ মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়।

শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান আমিনুল ইসরাম বাদশাকে সাময়িক বরখাস্তের চিঠি তারা পেয়েছেন।

জেআই