পাবনায় অনুষ্ঠিত মাসব্যাপী একুশে বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনীর পঞ্চম দিন জেলার ৬ কবির নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইমেলার মঞ্চে বৃহস্পতিবার রাতে এ সব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এদিকে, পঞ্চম দিনেও মেলা প্রাঙ্গণ মুখরিত ছিল নানা শ্রেণী-পেশার ক্রেতাদের সমাগমে। প্রকাশনীসহ বিভিন্ন স্টলে ছিল উপচে পড়া ভীড়। দিন যতই যাচ্ছে মেলা প্রাঙ্গণ ততই প্রাণবন্ত হয়ে উঠছে।

বইমেলায় ‘বই পড়া’ নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় ছিল নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বইয়ের লেখকদের সঙ্গে মতবিনিময়।

বইমেলা মঞ্চে নতুন ৬টি বইয়ের মোড়ক উন্মোচন করেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ ও বইমেলা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী ও সম্পাদক প্রফেসর শিবজিত নাগ।

যাদের বইয়ের মোড়ক উন্মোচন করা হয় তারা হলেন- দৈনিক যায়যায়দিন ও চ্যানেল নাইনের পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকীর প্রথম কাব্যগ্রন্থ ‘পারমিতা’, মোখলেছ মুকুলের ছোটগল্প গ্রন্থ ‘চাকা’, নুরুজ্জামান মুন্নুর ‘প্রেমের পরশ ও শ্যামল রাণী’, মানিক মজুমদারের ‘স্মৃতির আল্পনা’, মাহমুদ মৌসুমের ‘দ্বিধান্বিত করতালী’ ও খন্দকার বদিউর রহমান মুন্নুর ‘ভালবাসার যোগবিয়োগ’।

সভা সঞ্চালনা করেন বইমেলা উদযাপন পরিষদের সদস্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাবিবুল্লাহ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বইমেলা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র, আনোয়ারুল হক, দৈনিক জোড় বাংলার সম্পাদক আব্দুল মতীন খান, পাবনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সাবেক কোষাধ্যক্ষ জি কে সাদী ও ডেইলি অবজারভারের পাবনা প্রতিনিধি নরেশ মুধু প্রমুখ।

জেআই