হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

শনিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম এ তালিকা প্রকাশ করেন।

সিরাজুল ইসলাম জানান, খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন ও নারী ভোটার রয়েছেন ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। হালনাগাদ ভোটার তালিকায় ভুল সংশোধন ও নাম অন্তর্ভূক্তির আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি।

সচিব জানান, ভোটার তালিকা হালনাগাদ করার সময় মৃত ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন ভোটার বাদ পড়েছেন। এর মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন পুরুষ ও ২ লাখ ৫০ হাজার ৭২ জন নারী ভোটার ছিলেন।

তিনি বলেন, আগামী ১৭ জানুয়ারির মধ্যে প্রকাশিত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হওয়া কারও বিরুদ্ধে আপত্তি দেওয়া যাবে।

এছাড়া নতুন তালিকায় কোনও তথ্য ভুল থাকলে একই সময়ের মধ্যে সংশোধনের জন্য আবেদন করা যাবে।অভিযোগ নিষ্পত্তির পর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি জানান, হালনাগাদকৃত ভোটার তালিকা জেলা, থানা, রিভাইজিং অথরিটি অফিস, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টমেন্ট বোর্ড, রেজিস্ট্রেশন অফিসসহ জনগুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ করা হয়েছে।

এসএইচ