জেলার সদর উপজেলার নান্দিনা পশ্চিম বাজারে জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্র আগুনে ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌঁনে ২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পরপরই স্থানীয় দমকল বাহিনীকে ফোন দেওয়া হলেও তারা কিছুটা দেরিতে আসে। দমকল বাহিনীর ২টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, রাত পৌঁনে ২টার দিকে সময় সমিতির স্টোররুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কার্যালয়ের দক্ষিণপাশের কক্ষগুলোতে অবস্থানরত কর্মচারীরা পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে আসেন। এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডে সমিতির কাগজপত্র, মোটরসাইকেল, ট্রান্সফর্মার, বৈদ্যুতিক মিটারসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে।

আগুন লাগার সংবাদে উপজেলার অন্যান্য অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ কারণে প্রায় কয়েক ঘণ্টা ওই অঞ্চলে বিদ্যুৎ ছিল না।

জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানিয়েছেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠাই।

দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যদের পৌঁছাতে দেরি হওয়ায় উপস্থিত জনতা মারমুখী হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের শান্ত করে।

এএইচ