দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে দক্ষিণ এশিয়া অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, দক্ষিণ এশিয়ার মানুষ বিভিন্ন ইস্যুতে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে।
এর আগে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করে বেশকিছু বিষয়ে সফল হয়েছে। আশা করছি, এই স্যাটেলাইট উৎক্ষেপণেও আমরা সফল হবো। আমি বিশ্বাস করি, এই স্যাটেলাইট এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বদলে দেবে।’
শুক্রবার (৫ মে) সন্ধ্যায় দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সরকারপ্রধানরা অংশ নেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নরেন্দ্র মোদির সঙ্গে আবারও যুক্ত হয়ে কথা বলতে পেরে আমি আনন্দিত। এছাড়া, ভিডিও কনফারেন্সে যোগ দেওয়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বন্ধুপ্রতীম সরকারপ্রধানদেরও আমি শুভেচ্ছা জানাই।’
ভিডিও কনফারেন্সের বক্তব্যে এসময় সফলভাবে দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। পরে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং দক্ষিণ এশিয়ার মানুষের শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।
এর আগে ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই স্যাটেলাইটের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চাই। এই স্যাটেলাইট তারই একটি ধাপ হিসেবে কাজ করবে।’
সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে নিয়ে একসঙ্গে উন্নয়নের পথে অগ্রসর হয়ে দক্ষিণ এশিয়ার উন্নয়নের আশাবাদ জানিয়ে দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্স শেষ করেন নরেন্দ্র মোদি।
এমএনজে





