নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মমিন হত্যা মামলায় নিহতের স্ত্রীর বড় বোন জোবেদাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে মঙ্গলবার দুপুরে গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের চাচা আমিনুল ইসলাম সোমবার রাতে বাদী হয়ে মিস্টার করিম ও তার স্ত্রী জোবেদাকে আসামি করে হত্যা মামলা করেন।

উল্লেখ্য, পশ্চিমতল্লায় একটি ভাড়া বাসা থেকে সোমবার সকালে মমিন (৩০) নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। ঘটনাস্থলে থেকে নিহতের স্ত্রী রোকসানার বড় বোন জোবেদাকে আটক করে পুলিশ। পলাতক রয়েছেন নিহতের ভায়রা মিস্টার করিম। মমিন জামালপুর জেলার মেলান্দহ থানার মুন্সীজাংলা গ্রামের সোনাহারের ছেলে।

কেএইচ