প্রশাসনে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি। এরমধ্যে বর্তমানে প্রশাসনে মোট ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য রয়েছে। আর লোকবল রয়েছে ১৫ লাখ ৪ হাজার ৯১৩টি পদে।
২০২০ সালের জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পরিসংখ্যান নিয়ে ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২০’ বই থেকে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগের পরিসংখ্যান ও গবেষণা কোষ এ বইটি প্রকাশ করেছে।
এতে বলা হয়, শূন্যপদের মধ্যে ৪৬ হাজার ৬০৩টি প্রথম শ্রেণির, ৩৯ হাজার ২৮টি দ্বিতীয় শ্রেণির, এক লাখ ৯৫ হাজার ৯০২টি তৃতীয় শ্রেণির এবং ৯৯ হাজার ৪২২টি চতুর্থ শ্রেণির পদ রয়েছে।
মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে ১৭ হাজার ৭৩৯টি পদের মধ্যে শূন্য পাঁচ হাজার ৬৮টি, সংস্থা ও অধিদফতর পর্যায়ে ১৪ লাখ ৯ হাজার ৬২৬টি পদের মধ্যে শূন্য দুই লাখ ৩৩ হাজার ৩৩৬টি। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) অফিসে ১৪ হাজার ৮৫১টি পদ খালি রয়েছে, এখানে মোট পদের সংখ্যা ৪৭ হাজার ৩৩টি।
গত ডিসেম্বর পর্যন্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং করপোরেশনগুলোতে চার লাখ ১১ হাজার ৪৭০টি পদের মধ্যে এক লাখ ২৭ হাজার ৭০০টি পদ খালি ছিল।
২০১৯ সালের শূন্যপদের কোনো পরিসংখ্যান নেই। এর আগের বছর ৩ লাখ ৮৭ হাজার ৩৩৮টি পদ খালি ছিল। ২০১৭ সালে পদ খালি ছিল তিন লাখ ৯৩ হাজার ২৪৭টি। ২০১৬ সালে এ সংখ্যা ছিল তিন লাখ ৫৯ হাজার ২৬১টি।
এমবি





