পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিরা এখন আত্মঘাতী হয়ে উঠেছে। তারা সব সময় সুইসাইডাল ভেস্ট পরে থাকে।
তিনি বলেন, যখন তারা বুঝতে পারে পালানোর পথ নেই, তখন তারা ভেস্টের বিস্ফোরণ ঘটায়।
রবিবার রাজধানীতে আন্ত:দেশীয় অপরাধ বিষয়ে প্রশিক্ষণ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অবস্থানকারীদেরকে পুলিশ জীবিতই ধরতে চায় বলে জানিয়ে তিনি বলেন, জঙ্গিরা যখন দেখে তারা ধরা পড়ে যাবে, তখন তারা আত্মঘাতী বিস্ফোরণ ঘটাচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, জঙ্গিরা যেসব অস্ত্র গোলাবারুদ ব্যবহার করছে, তা দেশেই তৈরি, শুধুমাত্র জেলগুলো তারা বিদেশ থেকে নিয়ে আসছে।
পুলিশের বিশেষ শাখা সোয়াত এবং বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্য বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলেও জানিয়েছেন আইজিপি।
প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় যেসব অভিযান হয়েছে তার মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে তিন জন, সীতাকুণ্ডে দুই জন পুলিশের হাতে আটক হয়েছেন।
এ ছাড়া কুমিল্লায় বাসে তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দুই জন জীবিত ধরা পড়েছেন।
কিন্তু সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহল, চট্টগ্রামের সীতাকুণ্ডের ছায়ানীড় ভবন, মৌলভীবাজারের বড়হাট এবং ফতেহপুর আস্তানায় থাকা সবই নিহত হয়েছে। এদের মধ্যে আতিয়া মহলে দুই জন এবং ছায়ানীড় ভবনের একজন ছাড়া বাকি সবাই আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছে।
মিরপুর পুলিশ স্টাফ কলেজে এই প্রশিক্ষণে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কার পুলিশ সুপার পদ মর্যাদার ১৮ জন পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশের ১০ জন এবং বাকি চার দেশের দুই জন করে কর্মকর্তা রয়েছেন।
এমই





