ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনা থেকে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমন্ডল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাদিস উদ্দিন ওই এলাকার সোয়াব উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ধরমন্ডলে স্থানীয় নজরুল ইসলাম ও এখলাছের অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কিন্তু এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও অটোরিকশা চালক নজরুল ও এখলাছ তর্কবিতর্ক থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এরই জেরে স্থানীয় বাসিন্দা হওয়ায় দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নজরুল ইসলামের পক্ষের হাদিস উদ্দিন নামের এক যুবক বুকে টেঁটাবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিসকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত আরও ৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআর