যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে উপচে পড়া শত শত মানুষের উপস্থিতিতে নিহত বাংলাদেশি মোহাম্মদ কামালের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা স্ট্যামফোর্ডের ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত নামাজে জানাজায় নিউ ইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস ও নিউ জার্সির শত শত চট্টগ্রামবাসীসহ বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশ গ্রহন করে। জানাজা নামাজ পরিচালনা করেন ইমাম ড.হাফিজ হক্কানী মিঁয়া কাদরী।
গত ২৭ আগষ্ট বুধবার ভোরে কামালকে হত্যার পর রাস্তার পাশে তাঁর লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৮টার দিকে ডোলিট রোডের ধারে কর্মরত শ্রমিকরা প্রথমে কামালের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত কামালের দেহে ১৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কামাল ১৯৯২ সালে ডিভি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে আসেন এবং দীর্ঘ ১৬ বছর ধরে কানেকটিকাটের স্ট্যামফোর্ড শহরে বসবাস করছেন। তাঁর স্ত্রী ও চার বছরের একটি ছেলে রয়েছে। তাঁর দেশের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চিপাতলী বখতিয়ার পাড়ায় বলে জানা গেছে।
নিউ ইয়র্কস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী আজম ও সাধারন সম্পাদক মেহবুবুর রহমান বাদল, আবুল কালাম, নাজিমুদ্দিন, জাফর, নূর, ওসমান, আব্দুল কাদের, সোলেমান, বাবাজান, নুরুল হক, বাছন আলী, ফরিদ সালেহ, মোস্তাক নবী, নূর মোহাম্মদ পিন্টু, মোঃ সালাম, কামাল ডানকিন, মোক্তার আহমেদ, মোঃ ইউনুস, মোঃ শওকত আলী, মোঃ আনোয়ার, মোঃ আলী, মোঃ আব্দুস সাত্তার, মোঃ ইমরান, জাবের শফী, সমিতির সাবেক সভাপতি মো: হানিফ, আকবর আলী, মো: সেলিম, হাজি শফি, খোরশেদ খন্দকার, পরিমল কে নাথ, মাসুদ হোসেন সিরাজী, শুশান্ত দত্ত, মোক্তাদির বিল্লাহ, ইকবাল হোসেন, খোকন কে চৌধুরী, আব্দুল হাই জিয়া,মোহাম্মদ আবু তাহের, এনাম চৌধুরী, লোকমান পাশা ও আলী আকবর বাপ্পী জানাজায় উপস্থিত ছিলেন।
নিহত কামালের লাশের শবানুগমনের এর যাবতীয় খরচ ও মরদেহ দেশের বাড়িতে পাঠনোর সমস্ত ব্যয়ভার নিউ ইয়র্কস্থ চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে বহন করা হবে বলে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন। আগামীকাল নিহত কামালের মরদেহ দেশে পাঠানোর কথা রয়েছে। এদিকে, জানাজার পর স্থানীয় ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্লাকার্ড ও ফেস্টুন হাতে বিক্ষোভ প্রদর্শন করেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





