রাজধানীর লালবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ইমিটেশন ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে ছিনতাইকারীরা সাড়ে ২৭ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে গেছে।
আহতের নাম মু্ত্তাকি হোসেন বাবু (৩৫)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে লালবাগ চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় বাবুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক। তিনি জানান, বাবু লালবাগ রসুলবাগের ১৯৬/৫ বাসায় থাকেন। রসুলবাগেই তার একটি ইমিটেশন কারখানা রয়েছে।
আহতের বন্ধু খোকন মিয়া জানান, বাবু বিভিন্ন মেলায় ইমিটেশনের গহনা সরবরাহ করে থাকেন। বুধবার তিনি চাঁদপুরের একটি মেলায় গিয়েছিলেন। চাঁদপুর থেকে লঞ্চে এসে ভোরে তিনি সদরঘাট নামেন। সেখান থেকে রিকশাযোগে রসুলবাগের বাসায় আসার সময় তাজ ইলেকট্রনিকের সামনে আসলে পাঁচ ছিনতাইকারী তার পথ রোধে করে এবং তার ডান পায়ের রানে ছুরিকাঘাত করে।
এ সময় তার কাছে থাকা সাড়ে ২৭ হাজার থাকা ও মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি কর হয়েছে।
জেইউ/কেএইচ





