বৈরী আবহাওয়ায় উৎপাদন কমে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখতে, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে লবণের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (০৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আয়োডিনযুক্ত ভোজ্য লবণের উপযুক্ত মান নিশ্চিত করে সরকারের নির্ধারিত আমদানিকারকরা এই লবণ আমদানি করতে পারবেন এবং তা বাজারজাত করতে পারবেন।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ‘কয়েক দিনের মধ্যে’ লবণ আমদানির বিষয়ে ‘এসআরও’ জারি করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।

একই পদ্ধতিতে গত বছর দুই দফায় মোট আড়াই লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানি করেছে সরকার।

মন্ত্রণালয় জানায়, মে মাসে ঘূর্ণিঝড় মোরায় এবং এরপর ভারী বৃষ্টির কারণে লবণ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়।

শিল্প মন্ত্রণালয়ের হিসাবে, এ বছর দেশে লবণের চাহিদা ১৫ দশমকি ৭৬ লাখ মেট্রিক টন। এর বিপরীতে জুন মাসে শেষ হওয়া লবণ মৌসুমে উৎপাদন হয়েছে ১৩ দশমকি ৬৪ লাখ মেট্রিক টন। এ হিসাবে ঘাটতি থাকছে ২ দশমকি ১২ লাখ মেট্রিক টন।

বর্তমানে বাজারে প্রতি কেজি অপরিশোধিত লবণ ১৫ টাকা, সাধারণ খোলা লবণ ২২ থেকে ২৫ টাকা এবং প্যাকেটজাত পরিশোধিত লবণ ৩৪ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক বছর আগে সাধারণ খোলা লবণের দাম ছিল কেজিতে ২০ থেকে ২২ টাকা; প্যাকেটজাত পরিশোধিত লবণের দাম ছিল ২৫ থেকে ৩২ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবদিক বিবেচনায় নিয়ে ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে’ পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

এমই