মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি গ্রামে জিন-পরীর নির্দেশের কথা বলে পুরুষে পুরুষে বিয়ের কনে জুয়েল সাজী (১৪) ও বর নাজমুল বেপারীকে (১৭) আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ।

শনিবার সকালে পুলিশ তাদের আটক করে জেলে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউএনও মো. হেমায়েত উদ্দিন ও কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামে গিয়ে তাদের খুঁজে বের করে বিষয়টি সম্পর্কে জানতে চান। এ সময় তারা কোন সদুত্তর দিতে না পারায় তাদের আটক করে জেলে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জিন-পরীর দোহাই দিয়ে মঙ্গলবার ধুমধাম করে দক্ষিণ বাঁশগাড়ি গ্রামের জসিম সাজীর ছেলে জুয়েল সাজী ও একই গ্রামের জব্বার বেপারীর ছেলে নাজমুল বেপারীর বিয়ে আয়োজন করা হয়।

তাদের এ ঘটনায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। আর এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন, তাদের এ ঘটনায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা কোন সদুত্তর দিতে পারেনি। তাই ১৫৪ ধারায় তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএইচ