এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বুধবার প্রকাশিত হবে। ফলে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর উৎকণ্ঠা ও অপেক্ষার অবসান হবে।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় স্ব স্ব কেন্দ্র ও প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি।
এর আগে এ দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করা হবে। পরে সংবাদ সম্মেলন করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। আন্তঃবোর্ড সমন্বয় সাব কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফল প্রকাশের ঘোষণা দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫ জন। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন।
মাদ্রাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ জন এবং কারিগরিতে এইচএসসি (বিএম) পরীক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন।
গত ১ এপ্রিল ’১৯ তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২১ মে।
এএস





