সশস্ত্র বাহিনী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর সম্মানে এ আয়োজন করা হয়।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে এসে পৌঁছলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.), তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস-এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ এবং উপস্থিত অভ্যাগত অতিথিবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরিক হন।

প্রধানমন্ত্রী দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্রবাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার কামনা করে ইফতার অনুষ্ঠানের পূর্বে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ মন্ত্রিপরিষদের সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যগণ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা. ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ