ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটা কমেছিল। তবে ফণী’র প্রভাব কেটে যাওয়ার পর আবার তাপমাত্রা বাড়ছে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
গত কয়েক দিন বৃষ্টিতে গরমের তীব্রতা কমে এসেছিল। ওই সময় তাপমাত্রা এক লাফে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।
গত শুক্রবার সকালে ফনি ভারতের উড়িষ্যায় আঘাত হানে। গত শনিবার তা বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। এটি উত্তর-পূর্ব ভারতে গিয়ে দুর্বল হয়ে পড়ে। ফনি চলে যাওয়ার পর তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে।
রোববার সকালে ঢাকা বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
তবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এএস





